২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়ালো ৮০০
২৪ ঘণ্টায় ১৩৩ জনের হামে সংক্রমণ নিশ্চিত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে।
বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭০৮ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৫ শিশু। ফলে হাম ও এর উপসর্গ মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ১৩৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯০৪।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৭৮ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ৯৯ হাজারের বেশি রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
তথ্যসূত্র: যমুনা টিভি
