জাতীয়
প্রধান খবর

দেশে প্রথমবার জাতীয় তাফসির প্রতিযোগিতা আয়োজন করছে সরকার

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দুই গ্রুপে প্রতিযোগিতা; বিজয়ীদের জন্য মোট পুরস্কার ১৬ লাখ ২০ হাজার টাকা

দেশে প্রথমবারের মতো ‘জাতীয় তাফসির প্রতিযোগিতা’ আয়োজন করতে যাচ্ছে সরকার। বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ইসলামিক ফাউন্ডেশন এ উদ্যোগ নিয়েছে।

সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে যোগ্য ও আগ্রহী বাংলাদেশি নাগরিকদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আল-কোরআনের সহিহ তাফসির, জ্ঞানচর্চা ও গবেষণামনস্কতা বৃদ্ধি, প্রজ্ঞাবান আলেম ও মুফাসসির তৈরি এবং নৈতিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। বিভাগীয় পর্যায় থেকে শুরু হয়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের মাধ্যমে প্রতিযোগিতা শেষ হবে।

প্রতিযোগিতা দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ‘ক’ গ্রুপে (অনূর্ধ্ব ৩০ বছর) ফাজিল, জালালাইন, দাওরায়ে হাদিস, কামিল এবং আরবি ও ইসলামিক স্টাডিজে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। এ গ্রুপের তাফসিরের বিষয় নির্ধারণ করা হয়েছে—সুরা ফাতিহা, সুরা বাকারা ও সুরা আলাক।

‘খ’ গ্রুপে (অনূর্ধ্ব ৩০ বছর) কামিল, দাওরায়ে হাদিস, আরবি ও ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রিধারী মাদ্রাসাশিক্ষক, খতিব, ইমাম, গবেষক, দাঈ, ইসলামি লেখক, ওয়ায়েজ ও সংস্কৃতিকর্মীরা অংশ নিতে পারবেন। এ গ্রুপের বিষয়—সুরা আন-নূর, সুরা ইয়াসিন, সুরা হুজুরাত, সুরা আর-রাহমান ও সুরা ওয়াকিয়াহ।

জাতীয় পর্যায়ে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন পাবেন ২ লাখ টাকা, ক্রেস্ট ও সনদ। প্রথম রানার্সআপ পাবেন ১ লাখ ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার্সআপ পাবেন ১ লাখ টাকা, সঙ্গে থাকবে ক্রেস্ট ও সনদ। বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ পাবেন।

দুই গ্রুপ মিলিয়ে জাতীয় পর্যায়ের ৬ জন বিজয়ী পাবেন মোট ৯ লাখ টাকা। আর আটটি বিভাগে ৪৮ জন বিভাগীয় বিজয়ী পাবেন ৭ লাখ ২০ হাজার টাকা। সব মিলিয়ে প্রতিযোগিতার মোট পুরস্কারের অর্থ ১৬ লাখ ২০ হাজার টাকা।

আবেদনকারীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আরবি ভাষায় কথা বলায় পারদর্শী হতে হবে। পাশাপাশি কোরআনের তরজমা, উলুমুল কোরআন, উসুলুত তাফসির, হাদিস, ফিকহ, নাহু, সরফ ও বালাগাত বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে।

আগ্রহীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের ঢাকায় এক সপ্তাহের বিশেষ প্রশিক্ষণের পর জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button