
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ভবন গুঁড়িয়ে দেওয়ার অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ ২৭ জনের বিরুদ্ধে করা মামলা খারিজ করেছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় মামলাটি খারিজের আদেশ দেন।
এর আগে সকালে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী মামলাটি দায়ের করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত আদেশের জন্য বিষয়টি রাখেন। পরে দুপুরে আদালত মামলাটি খারিজ করে দেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার মতো পর্যাপ্ত উপাদান না থাকায় মামলা খারিজ করা হয়েছে বলে জানা গেছে।
বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় ড. মুহাম্মদ ইউনূস, হাসনাত আবদুল্লাহ, ড. আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, নাহিদ ইসলাম, মোস্তফা সরওয়ার ফারুকী, শফিকুল আলমসহ ২৭ জনকে আসামি করা হয়। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৩ থেকে ৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ৫ আগস্ট আসামিদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ, উসকানি ও সহযোগিতায় বিপুলসংখ্যক ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক ভবনে হামলা চালান। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, দলিল, বই-পুস্তক ও মূল্যবান সামগ্রী ক্ষতিগ্রস্ত ও লুটপাট করা হয়।
অভিযোগে আরও বলা হয়, পরে বুলডোজার, এক্সক্যাভেটর ও হ্যামারসহ ভারী যন্ত্রপাতি এনে ভবনটি ভাঙার কাজ শুরু করা হয়। রাতভর চলা এই কার্যক্রম পরদিন ৬ আগস্ট বিকেল পর্যন্ত চলে এবং ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়।
মামলায় হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্টের কথাও উল্লেখ করা হয়। বাদীপক্ষ দণ্ডবিধির বিভিন্ন ধারা ছাড়াও বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আমলে নেওয়ার আবেদন এবং অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিল।
তথ্যসূত্র: আজকের পত্রিকা


