
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি সিলেট ও বরিশাল বিভাগে হামের উপসর্গে একজন করে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৯২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮২৩ জন এবং হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৩১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৪৫ হাজার ৭১১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ১৮ হাজার ৭৬ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১ লাখ ২৭ হাজার ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮০৫ জন।
তথ্যসূত্র: যমুনা টিভি

