
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মন্ত্রিসভার নতুন চার সদস্য হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
নতুন চার সদস্যের অন্তর্ভুক্তির পাশাপাশি মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলেরও ইঙ্গিত পাওয়া গেছে। মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নতুন করে দায়িত্ব বণ্টন বা রদবদল হতে পারে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, নতুন সদস্যদের শপথ গ্রহণের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত রয়েছে। অনুষ্ঠানের প্রয়োজনীয় সব আয়োজনও সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে বারো শতাধিক সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির শপথের পরই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি পদে পরিবর্তনের পর নতুন মন্ত্রিসভায় সদস্য সংযোজন ও সম্ভাব্য রদবদলকে ঘিরে বঙ্গভবন ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে তৎপরতা শুরু হয়েছে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪

