
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ জনে। এ বছর সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে আগস্ট মাসে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৩৫ হাজার ৮৪৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু আগস্ট মাসেই ২০ হাজার ৫৩৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ৩৩ হাজার ২০৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত মোট ৯৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন, যা এ বছরের সর্বোচ্চ।
মাসভিত্তিক মৃত্যুর হিসাবে জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জন ডেঙ্গুতে মারা গেছেন।
তথ্যসূত্র: কালের কণ্ঠ



