
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ জনে। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ৩০৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গে দুজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগে হামের উপসর্গে একজন করে আরও দুজনের প্রাণহানি হয়েছে।
সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে হাম ও এর উপসর্গে ১ হাজার ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৬২ জনের।
এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ১ লাখ ৮১ হাজার ৩৫ জনের সন্দেহজনক হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে মোট ২০ হাজার ৬৪৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তথ্যসূত্র: চ্যানেল ২৪

