
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে নিজেই পদত্যাগপত্র জমা দেন তিনি।
এর আগে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন যমুনা টেলিভিশনকে জানান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে আসে। এ ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও ওঠে।
এর প্রেক্ষিতেই মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে জানানো হয়েছে।
এদিকে, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগর বিএনপির উত্তর কমিটি এবং অঙ্গ-সংগঠনের একাধিক ইউনিটের কমিটি ভেঙে দেওয়া হয়েছে।
একই সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতাকে বহিষ্কারও করা হয়েছে।
তথ্যসূত্র: যমুনা টিভি

