আন্তর্জাতিক খবর
প্রধান খবর

গিটারকে হেলমেটবিহীন যাত্রী ভেবে মামলা দিল এআই ক্যামেরা

হেলমেট পরে একাই মোটরসাইকেল চালাচ্ছিলেন সৌভিক দত্ত। কিন্তু পরদিন তাঁর স্ত্রীর মোবাইলে আসে ৫০০ রুপির ট্রাফিক চালানের এসএমএস। অভিযোগ, মোটরসাইকেলের পেছনে থাকা যাত্রী হেলমেট পরেননি। চালানের ছবি দেখে অবাক সৌভিক-কারণ, পেছনে কোনো যাত্রীই ছিলেন না; ছিল একটি গিটার।

ঘটনাটি ভারতের বেঙ্গালুরুর। গত ১৫ সেপ্টেম্বর দুপুরে সৌভিক তাঁর স্ত্রীর ই-স্কুটার নিয়ে হেব্বাল থেকে টিন ফ্যাক্টরির দিকে যাচ্ছিলেন। তিনি একাই স্কুটার চালাচ্ছিলেন। মাথায় হেলমেট থাকলেও পিঠে বাঁধা ছিল একটি গিটার।

পরদিন, ১৬ সেপ্টেম্বর, তাঁর স্ত্রীর মোবাইলে আসা ই-চালানে ‘হেলমেট ছাড়া পিলিয়ন রাইডিং’-এর অভিযোগে ৫০০ রুপি জরিমানা করা হয়। চালানের ছবিতে দেখা যায়, স্কুটারের পেছনে কোনো ব্যক্তি নেই।

ধারণা করা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর ট্রাফিক নজরদারি ব্যবস্থা পিঠে থাকা গিটারটিকেই পেছনের যাত্রী হিসেবে শনাক্ত করেছে।

ঘটনাটি নিয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন সৌভিক। বেঙ্গালুরু ট্রাফিক পুলিশকে ট্যাগ করে তিনি জানান, তিনি একাই স্কুটার চালাচ্ছিলেন এবং পিঠে ছিল একটি গিটার। একই সঙ্গে তিনি চালানটি প্রত্যাহারের অনুরোধ জানান।

পোস্টে চালানের নোটিশ নম্বর ৮৬২০২৫৪১ উল্লেখ করেন সৌভিক।

পোস্টটি নজরে আসার পর বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ তাঁকে বিষয়টি সংশোধনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে বলে। পাশাপাশি ই-মেইলে অভিযোগ জানানোর এবং নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।

ঘটনাটি এআইনির্ভর ট্রাফিক নজরদারি ব্যবস্থার ভুল শনাক্তকরণের বিষয়টি সামনে এনেছে। বিপুলসংখ্যক যানবাহন ও ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তে স্বয়ংক্রিয় ক্যামেরা সহায়ক হলেও, এ ধরনের ভুল ঠেকাতে মানবিক যাচাইয়ের প্রয়োজনীয়তাও নতুন করে আলোচনায় এসেছে।

তথ্যসূত্র: আরটিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button