
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে।
শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব এতে তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬৬৬ জন। একই সময়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জনে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন রোগী ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।
তথ্যসূত্র: যমুনা টিভি


