
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ২৬৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। পাশাপাশি ৮১ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ২ হাজার ৮৯৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ১৯৭ জনের।
একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৪৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৪৩ জন। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৪ জনের।
তথ্যসূত্র: যমুনা টিভি
