জাতীয়
প্রধান খবর

নবম পে স্কেলে চুক্তিভিত্তিক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণে নতুন নিয়ম

নতুন জাতীয় বেতন স্কেল বা নবম পে স্কেল অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নিয়ম ঠিক করেছে সরকার। বুধবার (২৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে ও পরে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের জন্য পৃথক বিধান রাখা হয়েছে। নতুন নিয়ম ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬-এর আগে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব কর্মকর্তা-কর্মচারীর চুক্তির মেয়াদ ওই তারিখের পরও বহাল রয়েছে, তাদের চুক্তি সংশোধন করে নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।

এ ক্ষেত্রে ১ জুলাই থেকে সংশ্লিষ্ট গ্রেড ও ধাপ অনুযায়ী তাদের বেতন পুনর্নির্ধারণ করা হবে। পাশাপাশি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর বিধান অনুযায়ী তারা বর্ধিত হারে বেতন পাবেন। তবে বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা পাবেন না। চুক্তি অনুযায়ী প্রাপ্য অন্যান্য ভাতাও দেওয়া হবে।

এ-সংক্রান্ত অর্থ বিভাগের ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা আগের প্রজ্ঞাপনটি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে, ১ জুলাই ২০২৬-এর পর যাঁরা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বা পাবেন, তাঁদের ক্ষেত্রে অবসরের অব্যবহিত আগে জাতীয় বেতন স্কেলের যে গ্রেড ও ধাপে মূল বেতন পেতেন, নতুন বেতন স্কেলে সেই গ্রেড ও ধাপের বেতন বিবেচনায় নিয়ে চুক্তিভিত্তিক পদের বেতন নির্ধারণ করা হবে। বিদ্যমান চুক্তি থাকলে তা সংশোধন করতে হবে।

এ ক্ষেত্রে চুক্তি অনুযায়ী যোগদানের তারিখ থেকে নির্ধারিত বিধান অনুসারে বর্ধিত হারে বেতন ও প্রযোজ্য ভাতা দেওয়া হবে। তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতন অথবা সরকার ও নিয়োগপ্রাপ্ত ব্যক্তির পারস্পরিক সম্মতিতে চুক্তিতে নির্ধারিত বেতনই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগে নির্ধারিত বেতন থেকে সংশ্লিষ্ট ব্যক্তির মোট পেনশন-কম্যুটেশন বা সমর্পণের আগের অঙ্ক এবং বিশেষ অতিরিক্ত পেনশন, যদি থাকে, বাদ দেওয়া হবে না।

তবে চুক্তিভিত্তিক নিয়োগকালীন চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধি, আনুতোষিক কিংবা বর্ধিত পেনশন দেওয়া হবে না।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button