
ব্যাংক পরিচালকদের দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করা, পর্ষদে পারিবারিক অংশগ্রহণ সীমিত করা এবং সরকারি দায়িত্বে থাকা রাজনীতিবিদদের ব্যাংকের পরিচালক পদে নিয়োগ না দেওয়াসহ ব্যাংক কোম্পানি আইনে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার।
বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভিত্তিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তৈরি করা সংশোধনী খসড়াটি অর্থমন্ত্রীর অনুমোদনের পর শিগগির চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে।
ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম এবং কয়েকটি ব্যাংকের আর্থিক অবস্থার অবনতির পরিপ্রেক্ষিতে আনা এই প্রস্তাবিত সংশোধনীতে দেশি ও বিদেশি কৌশলগত বিনিয়োগকারীদের ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার রাখার সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
খসড়ায় বলা হয়েছে, কোনো ব্যক্তি একটি ব্যাংকের পরিচালক হিসেবে টানা ৬ বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। বর্তমানে এ মেয়াদ ১২ বছর। টানা ৬ বছর দায়িত্ব পালনের পর পুনরায় পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৩ বছরের ‘কুলিং-অফ’ বা বিরতি নিতে হবে।
সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংক পরিচালকদের টানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ কয়েক দফা পরিবর্তন করা হয়েছে। ২০১৮ সালে সংশোধনীর আগে এ মেয়াদ ছিল ৬ বছর। ওই সংশোধনীতে তা বাড়িয়ে ৯ বছর করা হয়। পরে ২০২৩ সালের সংশোধনীতে মেয়াদ আরও বাড়িয়ে ১২ বছর করা হয়েছিল।
ব্যাংকের মালিকানায় পারিবারিক আধিপত্য কমাতে প্রস্তাবিত আইনে একই পরিবার থেকে পরিচালকের সংখ্যা তিনজনের পরিবর্তে দুজনে নামিয়ে আনার কথা বলা হয়েছে। পাশাপাশি একই পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণাধীন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিংবা কোম্পানি থেকে মনোনীত পরিচালকের সংখ্যা সর্বোচ্চ দুজনের বদলে একজন করার প্রস্তাব রয়েছে।
পর্ষদের সর্বোচ্চ সদস্যসংখ্যা ২০ অপরিবর্তিত রাখলেও খসড়ায় স্বতন্ত্র পরিচালকের ন্যূনতম সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ২০ সদস্যের পর্ষদে তিনজনের পরিবর্তে অন্তত চারজন স্বতন্ত্র পরিচালক থাকতে হবে। আর ২০ জনের কম সদস্যের পর্ষদে দুজনের বদলে অন্তত তিনজন স্বতন্ত্র পরিচালক রাখা বাধ্যতামূলক করা হবে।
স্বতন্ত্র পরিচালকের সংজ্ঞাও আরও কঠোর করার প্রস্তাব রয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তির অন্তত আগের ৩ বছর ব্যাংক বা ব্যাংক-সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ স্বার্থ থাকা যাবে না। একইভাবে বর্তমানে বা ভবিষ্যতেও এ ধরনের কোনো স্বার্থ জড়িত থাকার সুযোগ থাকবে না।
ব্যাংক ব্যবস্থাপনায় রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে নতুন একটি ধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এতে মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের অযোগ্য ঘোষণা করার কথা বলা হয়েছে।
নতুন প্রস্তাবিত ‘১৭ক’ ধারা অনুযায়ী, কোনো পরিচালককে টানা ৩ মাসের বেশি সময় পর্ষদ সভায় অনুপস্থিত থাকার ছুটি মঞ্জুর করা যাবে না। এ ধরনের ছুটি বছরে মাত্র একবার নেওয়ার সুযোগ থাকবে।
ব্যাংকের শেয়ার ধারণের সীমাতেও পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে। বর্তমানে ব্যাংক কোম্পানি আইনের ১৪ক(১) ধারায় কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা একই পরিবারের সদস্যদের একক বা যৌথভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার অধিগ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে।
প্রস্তাবিত সংশোধনীতে একটি শর্ত যুক্ত করে ব্যাংকিং খাতের স্বার্থে কৌশলগত বিনিয়োগকারীদের জন্য এ ১০ শতাংশ শেয়ার ধারণের সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন অনুযায়ী বিনিয়োগকারীদের যোগ্যতা, উপযুক্ততা ও অন্যান্য শর্ত নির্ধারণ করতে পারবে।
সর্বশেষ এই খসড়ার বেশ কিছু বিধান অন্তর্বর্তী সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিক সংশোধনী খসড়া থেকে আলাদা। আগের খসড়ায় ব্যাংকের পরিচালনা পর্ষদের মোট সদস্যসংখ্যা ১৫-তে সীমাবদ্ধ রাখা এবং তাঁদের অর্ধেককে স্বতন্ত্র পরিচালক করার প্রস্তাব করা হয়েছিল।
তথ্যসূত্র: দি ডেইলি স্টার



