জাতীয়

আজ সুবর্ণজয়ন্তী বাংলাদেশ সেনাবাহিনীর

বাংলাদেশ সেনাবাহিনীর সুবর্ণজয়ন্তী আজ। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, দেশ ও মানবতার সেবায় সেনাবাহিনীর অবদানের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকার একটি যুগোপযোগী ও আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছে। দেশের স্বাধীনতা সমুন্নত রাখতে সেনাবাহিনীর সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন-এমন প্রত্যাশাও তার।

রাষ্ট্রপতি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গত পাঁচ দশকে দেশের আর্থসামাজিক উন্নয়নেও বাংলাদেশ সেনাবাহিনীর অবদান অনস্বীকার্য। যে কোনো জাতীয় দুর্যোগ মোকাবিলা, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে সেনাবাহিনী প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।

দেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর ভূমিকা দেশের জন্য অভূতপূর্ব সুনাম বয়ে এনেছে বলেও জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, সেনা সদস্যরা সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও পেশাগত দক্ষতায় বলীয়ান হয়ে দেশের প্রতিরক্ষা ও দেশ গড়ার কাজে আরো বেশি অবদান রাখবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে সবাইকে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সেনাবাহিনীর সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গত ৫০ বছরে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। দেশব্যাপী অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিতকরণে সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

এই বিভাগের অন্য খবর

Back to top button