ওমিক্রনের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১৩ ডিসেম্বর) মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদ সচিব সচিব বলেন, ওমিক্রন নিয়ে খুবই কেয়ারফুল থাকতে বলা হয়েছে। এটা ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রতি ছড়িয়ে পড়া করোনার নতুন ভ্যারিয়েন্ট দেশে জিম্বাবুয়েফেরত দুজন নারী ক্রিকেটারের শরীরে শনাক্ত হয়। তিনি বলেন, আমরা খুবই লাকি যে, আমাদের যে দুজন আক্রান্ত হয়েছেন, দুজনই ক্রিকেট বোর্ডের। ক্রিক্রেট বোর্ডের একটা সুবিধা হচ্ছে তাদের সঙ্গে সোনারগাঁওয়ের একটা অ্যাগ্রিমেন্ট আছে।
তিনি আরও বলেন, সোনারগাঁওয়ের একটা ফ্লোরে একটা উইং রেখে বায়ো বাবল করে দিয়েছে। তারা সরাসরি এয়ারপোর্ট থেকে বায়ো বাবলে ঢুকে যায় এবং সেখানে টেস্ট। লাকিলি সবার মাঝে দুজনের ধরা পড়েছে, অন্যরা ডিটেক্টেড হয় নাই। তারা ফ্যামিলি বা কারও সঙ্গে টাচে আসার সুযোগ পায় নাই। এয়ারপোর্টেও তাদের সঙ্গে বাইরের কারও যোগাযোগ ছিল না। সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, কীভাবে ও কবে এবং কাদের বুস্টার ডোজ দেওয়া হবে এবং তা বিনামূল্যে নাকি অর্থের বিনিময়ে দেওয়া হবে- তা নির্ধারণে কাজ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা।
