শিগগিরই বুস্টার ডোজের ক্যাম্পেইন

শিগগিরই করোনার বুস্টার ডোজের ক্যাম্পেইনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বুস্টার ডোজের সময় হয়েছে, কিন্তু বুস্টার ডোজ নেননি এমন সবাইকে এর আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা এ পর্যন্ত প্রায় ২২ কোটি ডোজ টিকা দিয়েছি। টিকায় আমরা সফল হয়েছি। বিশ্বের ২০০ দেশের মধ্যে আমরা টিকাদানে আট নম্বরে এসেছি। এর সব কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার গাইডলাইনে আমরা কাজ করেছি।
জাহিদ মালেক বলেন, আমরা পূর্বেও টিকা ক্যাম্পেইন করেছি। সর্বশেষ ক্যাম্পেইনে একদিনেই এক কোটিরও বেশি মানুষকে আমরা টিকা দিয়েছি। এখনো প্রথম ডোজসহ টিকা দিয়ে যাচ্ছি। আমাদের স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রশাসনের কর্মীরাও আমাদের সহযোগিতা করছে। সফল টিকা কার্যক্রমের কারণে দেশে সংক্রমণের হার দুই শতাংশে নেমে এসেছে।



