পানিবাহিত রোগের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পানি বাহিত রোগের বিরুদ্ধে অব্যাহতভাবে যুদ্ধ করে যাচ্ছে বাংলাদেশ। তারই অংশ হিসেবে আসছে মাস থেকে ঢাকায় ২৩ লাখ কলেরা টিকা দেয়া হবে।
জাপানের কুমাতো শহরে অনুষ্ঠিত চতুর্থ এশিয়া প্যাসিফিক পানি সম্মেলনে পাঠানো এক ভিডিও এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, অন্তর্দেশীয় নদীর পানি বণ্টনে অববাহিকা ভিত্তিক নীতি অনুসরণ করতে হবে। অববাহিকা ভিত্তিক বণ্টনের মাধ্যমে অন্তর্দেশীয় নদীর পানি বণ্টনের পাশাপাশি পানির সুষ্ঠু ব্যবস্থাপনা করা প্রয়োজন।
প্রধানমন্ত্রী জানান, নদীর পলি ব্যবহার করে বঙ্গোপসাগরের মোহনায় বাংলাদেশের ভূখণ্ড বাড়ানোর পরিকল্পনাও আছে।
পানিকে জীবনের জন্য অত্যাবশ্যকীয় বলে বর্ণনা করে তিনি বলেন, চলমান কোভিড-১৯ মহামারি থেকে ‘ভালোভাবে পুনরুদ্ধারের’ জন্য আমাদের সঠিক পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, এসডিজিতে পানি সম্পর্কিত বিষয়সহ পানির ব্যাপারে আন্তর্জাতিক অঙ্গীকারগুলো পূরণ করার জন্য তারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে ঋণী। আমাদের যুবকদের অবশ্যই ক্ষমতায়িত করতে হবে যাতে তারা দক্ষ ও টেকসই অন্তর্ভুক্তিমূলক পানি ব্যবস্থাপনায় নেতৃত্ব দিতে পারে।
আগামীর প্রজন্মের একটি সুন্দর ভবিষ্যতে নিশ্চিতের জন্য পানি বিষয়ক সমস্যা সমাধানে এশিয়া-প্যাসিফিক দেশগুলোকে এক হয়ে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী।
এসএ