আওয়ামী লীগরাজনীতি

আওয়ামী লীগ’র দুই পক্ষের সংঘর্ষ: নিহত এক, আহত ১৫

শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওহেদ খান (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের আবুড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ওহেদ খান চিকন্দি ইউনিয়নের আবুড়া গ্রামের রমিজ উদ্দিন খানের ছেলে।

জানা গেছে, চিকন্দি ইউনিয়নের আবুড়া এলাকায় ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোদাচ্ছের খানের সঙ্গে ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আলমাস খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার হোসেন খানের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার দুপুরে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ককটেল ফাটিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে মোদাচ্ছের খানের ছোট ভাই ওয়েদ খান নিহত হন। এসময় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন।

আহতদের সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করেছেন।  

পুলিশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ওহেদের ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button