
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে শহরের জেলা পরিষদ অডিটরিয়ামের পাশে এ ঘটনা ঘটে।
জানা যায়, জয়পুরহাটে সমন্বয় সভা শেষে বিকেল ৩টার দিকে বগুড়ায় পৌঁছান সারজিস আলম। জেলা পরিষদে আরেকটি সমন্বয় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নির্বাচনসহ নানা বিষয়ে বক্তব্য দেওয়ার পর সভায় যোগ দেন।
এসময় জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর দিক থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি প্রাঙ্গণে বিস্ফোরিত হয়, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেন।
এনসিপির নেতারা অভিযোগ করেছেন, বারবার অনুরোধ সত্ত্বেও পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দেয়নি। মাত্র দুজন সদস্য মোতায়েন থাকায় দুর্বৃত্তরা হামলার সুযোগ পেয়েছে বলে দাবি তাদের।
পুলিশ জানিয়েছে, ককটেল বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


