বিএনপিরাজনীতি
প্রধান খবর

নভেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান

আগামী নভেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ অক্টোবর) গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, বড় রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়া চলছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও বিএনপির যোগাযোগ রয়েছে, তবে জোট চূড়ান্ত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

তিনি আরও জানান, চলতি অক্টোবর মাসের মধ্যেই ২০০ আসনে বিএনপির একক প্রার্থীকে ‘গ্রিন সিগনাল’ দেওয়া হবে, যাতে তারা নির্বাচনের প্রস্তুতি নিতে পারেন।

নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি অনেক বিষয়ে সম্মত ছিল। তবে ২০(১) উপধারায় বলা হয়েছিল, জোটবদ্ধ হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারবে। বিএনপি সেটিতে আশ্বস্ত থাকলেও যেভাবে আরপিও পাস হয়েছে, তাতে ছোট দলগুলো জোটে যুক্ত হতে নিরুৎসাহিত হবে এবং তারা সুযোগ হারাবে।

তিনি প্রশ্ন তোলেন, “এই ধরনের আরপিও একতরফাভাবে কেন পাস করা হলো?”

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন বলেন, বিএনপি বহুদলীয় ও শক্তিশালী সংসদ দেখতে চায়। তিনি আরও জানান, আরপিও সংশোধন নিয়ে আপত্তি জানিয়ে বিএনপি শিগগিরই চিঠি দেবে।

তথ্যসূত্র: বাংলা নিউজ ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button