রাজনীতি

মাইলস্টোনে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল: হাসনাত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে ‘গুন্ডামি স্টাইল’ চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সঙ্গে বিসিএস পরীক্ষার অগ্রগতি বিষয়ে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থান শুরু হয়েছিল বিসিএসে বৈষম্য রোধের দাবিতে। কিন্তু এখনো পিএসসির ভেতরে সমন্বয়হীনতা রয়েছে।”

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন, “তাদের অগ্রাধিকার তালিকায় চাকরিপ্রার্থীরা নেই। মন্ত্রণালয়ের সর্বত্রই গুন্ডামি চলছে। যারা আছেন, তারা সময়ের সঙ্গে তাল মেলাতে পারছেন না। এর ফল এই প্রজন্মের ক্রোধ হিসেবে দেখতে হবে।”

তিনি আরও বলেন, “জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই অরাজকতা বন্ধ না হলে চাকরিপ্রার্থীদের লালফিতার পেছনে দৌড়ানো বন্ধ করা সম্ভব নয়।”

হাসনাতের দাবি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভাগ-বাটোয়ারা ও পোস্টিং নিয়েই বেশি ব্যস্ত। “অভ্যুত্থানের পর আমলারাই সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে—প্রথমেই নিজেদের প্রমোশন নিশ্চিত করেছে,” বলেন তিনি।

তিনি আরও মন্তব্য করেন, “মাইলস্টোনে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল, কারণ সবচেয়ে বেশি দুর্নীতি সেখানে।”

বিসিএসের বিষয়ে পিএসসির আন্তরিকতা থাকলেও চাকরি বিধি সংশোধনের এখতিয়ার জনপ্রশাসন মন্ত্রণালয়ের হাতে উল্লেখ করে হাসনাত বলেন, “রাজনৈতিক বিবেচনায় ভাইভা নেয়া বন্ধ করতে হবে। পিএসসি সংস্কারের চেষ্টা করছে, এবং বিসিএস এক বছরের মধ্যে সম্পন্ন করার জন্য সুপারিশ করা হয়েছে।”

তথ্যসূত্র: বিডি ২৪ লাইভ

এই বিভাগের অন্য খবর

Back to top button