
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ খতমে নবুয়ত পরিষদের দাবিগুলো সংসদীয় আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ যোগ দিয়ে তিনি বলেন, বিএনপি আবার ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে।
তিনি জানান, যারা হজরত মুহাম্মদ (সা.)-কে শেষ নবী হিসেবে স্বীকার করেন না, তারা মুসলিম পরিচয়ের বাইরে— এ বিষয়ে দলের অবস্থান স্পষ্ট। এ ধরনের ধর্মীয় বিষয়ে যেকোনো সিদ্ধান্ত সংসদে আলোচনা করেই নেওয়া হবে।
সম্মেলনে বক্তারা কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি আহ্বান জানান।
খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ মহাসম্মেলন সকাল ৯টায় শুরু হয়, যেখানে বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামা অংশ নেন। বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ অংশগ্রহণকারীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



