
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারী যদি অনলাইন ও অফলাইন—দুই ক্ষেত্রেই নিরাপদ অনুভব না করে, তবে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হবে। নারীর সুরক্ষা ও ক্ষমতায়নে জরুরি জাতীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
বুধবার ৬১তম জন্মদিনে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে ঘরে-বাইরে, ব্যক্তিগত ও পেশাগত জীবনে, অনলাইন ও অফলাইনে—সব জায়গায়। পোস্টের সঙ্গে স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানের সঙ্গে তোলা একটি ছবিও যুক্ত করেন তিনি।
তারেক রহমান বলেন, প্রযুক্তি দ্রুত বিশ্বকে বদলে দিয়েছে এবং এই পরিবর্তন উপেক্ষা করার সুযোগ নেই। তিনি ও তাঁর স্ত্রী প্রায়ই ভাবেন, তাদের শৈশবের পৃথিবীর তুলনায় আজকের পৃথিবী কতটাই ভিন্ন। সুযোগ বেড়েছে, তবে ঝুঁকিও বেড়েছে—এমন মন্তব্যও করেন তিনি।
তিনি উল্লেখ করেন, প্রতিদিন বহু নারী কেবল কথা বলা, কাজ করা, পড়াশোনা করা বা স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করার জন্য হয়রানি, ভীতি প্রদর্শন, বুলিং ও সহিংসতার শিকার হন। “এই বাংলাদেশ আমাদের স্বপ্নের নয়”—বলেন তিনি।
সাইবার অপরাধ দমনে জাতীয় অনলাইন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেন তারেক রহমান। এতে থাকবে ২৪ ঘণ্টার হটলাইন, একটি অনলাইন পোর্টাল এবং প্রশিক্ষিত রেসপন্ডার দল। বড় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আপত্তিকর কনটেন্ট দ্রুত সরানোর ব্যবস্থাও প্রয়োজন বলে জানান তিনি।
তিনি জোর দিয়ে বলেন, ভয়ের কারণে কোনো নারী যেন জনঅংশগ্রহণ থেকে সরে না দাঁড়ায়। তাঁর বক্তব্যে উঠে আসে চূড়ান্ত বার্তা—নারীরা জেগে উঠলে জাতিও জেগে ওঠে; আর নিরাপদ ও ক্ষমতায়িত নারীর বাংলাদেশ অপ্রতিরোধ্য।



