
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে।
শুক্রবার (২৮ নভেম্বর) মধ্যরাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে তার স্বাস্থ্য নিয়ে যাচাই–বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়। দলটি দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
মধ্যরাতে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ‘আজ মেডিকেল বোর্ড বসেছিল। তারা তার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’
এসময় খালেদা জিয়াকে দেখতে যান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার জ্ঞান আছে, কিন্তু শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। দূরত্ব রেখে কথা বলেছি, ম্যাডাম আমাদের চিনেছেন এবং সালামের জবাব দিয়েছেন। তিনি পুরোপুরি সুস্থ নন, তবে রিকভারি হতে পারে, ইনশা আল্লাহ।’
চিকিৎসার স্বার্থে হাসপাতাল এলাকায় ভিড় না করার নির্দেশনা দিয়েছে পরিবার ও দল। পৃথক এক বিবৃতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তথ্যসূত্র: যুগান্তর



