খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, চিকিৎসকদের মধ্যে আশাবাদ নেই: মান্না

খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে, তবে তিনি এখনই উড়োজাহাজে ভ্রমণের মতো শারীরিক অবস্থায় নেই বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ খালেদা জিয়ার খোঁজ নিতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, চিকিৎসকদের মধ্যে আশাবাদ তেমন নেই। রোগীর অবস্থা গতকালের মতোই সংকটাপন্ন—উন্নতি বা অবনতি কোনোটাই হয়নি।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদ্যন্ত্রের জটিলতা নিয়ে পুনরায় হাসপাতালে ভর্তি হন। বর্তমানে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার নিবিড় চিকিৎসা চলছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, দেশ-বিদেশের চিকিৎসকরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে চিকিৎসা দিচ্ছেন। পাশাপাশি কয়েকটি বন্ধুপ্রতীম রাষ্ট্র উন্নত চিকিৎসাসহ বিভিন্ন সহযোগিতার আগ্রহ জানিয়েছে।



