বিএনপিরাজনীতি

কারাগারে খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দেওয়া হয়: মির্জা আব্বাস

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অসুস্থতা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার দাবি, ‘অস্বাভাবিক পরিস্থিতির শিকার’ হওয়ার কারণেই খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, কারাগারে থাকাকালীন খালেদা জিয়া সচেতনভাবে ঝুঁকির মধ্যে ছিলেন। তার অভিযোগ, কারাগারে ‘স্লো পয়জন’ দেওয়ার ঘটনা বাস্তব, তাই তিনি সবসময় সতর্ক ছিলেন। এক ভারতীয় সাংবাদিক তাকে জানিয়েছিলেন— খালেদা জিয়ার জন্য সবকিছু ‘ডিজাইন’ করে রাখা হয়েছে, যাতে তিনি ধীরে ধীরে মৃত্যুবরণ করেন। তবে আল্লাহর রহমতে তিনি এখনো বেঁচে আছেন— উল্লেখ করেন আব্বাস।

মির্জা আব্বাস জানান, শুক্রবার রাত ১টার দিকে তিনি হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান এবং এক ঘণ্টা সেখানে ছিলেন। তার ভাষায়, সর্বশেষ খবরে খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন।

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, বিদেশে বসে যারা হস্তক্ষেপ করছে, তারাই অতীতে বাংলাদেশকে ‘দখলে’ রেখে ক্ষতি করেছে। এখন তারা বলছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না। আব্বাসের প্রশ্ন— তারা কি বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করেনি? তার দাবি, বাংলাদেশের নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button