বিএনপিরাজনীতি
প্রধান খবর

খালেদা জিয়ার সবশেষ অবস্থা ও বিদেশ যাওয়া নিয়ে যা জানালেন রিজভী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থাকে “অত্যন্ত সংকটাপন্ন” বলে দলীয় সূত্র জানানোয় দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

রোববার নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি বলেন, “বেগম জিয়া এখনও একই জটিল অবস্থায় আছেন। বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো মতামত দেয়নি, তাই সিদ্ধান্তও নেওয়া যাচ্ছে না।”

রিজভী জানান, নেত্রীর সংকটাপন্ন অবস্থার কারণে বিজয়ের মাস ডিসেম্বরের সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান এবং হাসপাতালের সামনে ভিড় না করার আহ্বান জানান। অতিরিক্ত ভিড় চিকিৎসা কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতারা নিয়মিত মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাদের মাধ্যমেই খালেদা জিয়ার সার্বিক শারীরিক পরিস্থিতি জেনে নিচ্ছেন বলে জানান রিজভী।

৮১ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ১৫ অক্টোবরও তিনি একই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

তথ্যসূত্র: বিডি ২৪ লাইভ

এই বিভাগের অন্য খবর

Back to top button