
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে পাঁচ সদস্যের একটি বিদেশি বিশেষজ্ঞ মেডিকেল টিম আজ সোমবার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। হাসপাতাল সূত্র জানায়, দুপুর ২টা ৫০ মিনিটে টিমটি হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে। অল্প সময়ের মধ্যেই তারা খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে নিয়োজিত দেশি–বিদেশি চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসবেন।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, তার বর্তমান শারীরিক অবস্থার জটিলতা বিবেচনায় বাড়তি বিশেষজ্ঞ মতামত অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বিদেশি এই চিকিৎসকদের বেশিরভাগই চীনা নাগরিক বলে জানা গেছে।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। আজ সকালে ডা. রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, “ম্যাডাম অসুস্থ। আমাদের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। দেশি–বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা দেওয়া হচ্ছে।”
খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তিনি বর্তমানে সিসিইউতে আছেন এবং আগের মতোই তার চিকিৎসা চলছে। তিনি আরও বলেন, “নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কেউ যেন এসব বিভ্রান্তিতে কান না দেয়। এটাই খালেদা জিয়ার সর্বশেষ আপডেট।”
৮১ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে ১৫ অক্টোবর তিনি একদিনের জন্য এ হাসপাতালে ভর্তি হয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান।
এ বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং ১১৭ দিন থাকার পর ৬ মে দেশে ফেরেন। দেশে ফিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
তথ্যসূত্র: যুগান্তর



