
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) থেকে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন দলীয় নেতাকর্মীরা।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র উত্তোলন করা হয়। মোরশেদ মিল্টনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার নাঈম গামা, মমিনুল ইসলাম, সাগর খান, গাবতলী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি নেতা মোরশেদ মিল্টনের পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
এ বিষয়ে মোরশেদ মিল্টন মুঠোফোনে বলেন, দলীয় হাই কমান্ডের অনুমতি নিয়েই তার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
উল্লেখ্য, বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় মনোনয়ন পেয়েছেন। এর আগেও তার পক্ষে তিন দফায় মনোনয়নপত্র উত্তোলন করেছেন নেতাকর্মীরা। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন মোরশেদ মিল্টন। তবে তৎকালীন নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করলে বিএনপি এই আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলুকে সমর্থন দেয়।
তথ্যসূত্র: চ্যানেল ২৪



