রাজনীতি
প্রধান খবর

এনসিপির সঙ্গে জোটের আনুষ্ঠানিক ঘোষণা জামায়াত আমিরের, এলডিপিও যুক্ত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)ও এই জোটে যুক্ত হয়েছে বলে জানান তিনি।

রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেন,
“আমাদের সঙ্গে আরও দুটি দল যুক্ত হয়েছে। একটি কর্নেল অলির নেতৃত্বাধীন এলডিপি এবং অপরটি জাতীয় নাগরিক পার্টি—এনসিপি।”

তিনি জানান, এনসিপির সঙ্গে জোটসংক্রান্ত আলোচনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে দলটির নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে না পারায় রাতে পৃথক এক প্রেস কনফারেন্সের মাধ্যমে তারা নিজেদের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাবেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন,
“আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য যে বিষয়গুলো বাকি রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে সুন্দরভাবে সমাধান করা যাবে বলে আমরা আশাবাদী।”

এর আগে বিকেলে ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র দাখিল শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সাংবাদিকদের বলেন,
“জুলাই বিপ্লবে অংশীজন দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আসন সমঝোতার ভিত্তিতে জোটগতভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। এই জোটে খেলাফত মজলিস, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ আরও কয়েকটি দল থাকবে।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জোট গঠন দেশের রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা এনসিপির এই জোটে যুক্ত হওয়া রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button