জাতীয় পার্টি (কাজী জাফর) থেকে পদত্যাগ আহসান হাবীব লিংকনের, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর)–এর মহাসচিব আহসান হাবীব লিংকন। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান লিংকন।
নিজের একটি ছবি সংযুক্ত করে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন,
“স্বপ্ন ছিল আমার সততা, নিষ্ঠা ও দেশপ্রেম দিয়ে সারা জীবনের অর্জিত সুনাম-সুখ্যাতি, মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে শহীদ জিয়াউর রহমান ও দেশমাতা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং দেশ পরিচালনায় অবদান রাখব। কিন্তু হায়! আমাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়নি।”
পরে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় আহসান হাবীব লিংকন বলেন,
“আমরা বিএনপির সঙ্গে জোটে ছিলাম। এবার ছয়টি আসনের নাম দিয়েছিলাম। পিরোজপুর-১ আসনটি দলের চেয়ারম্যানকে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় নির্বাচন করবেন না। অথচ অনেক ছোট ছোট দলকে তিন-চারটি করে আসন দেওয়া হয়েছে। সেখানে আমাদের অবজ্ঞা করা হয়েছে।”
তিনি আরও জানান, খুব শিগগিরই দলের চেয়ারম্যানের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠাবেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য রোববার মনোনয়নপত্র সংগ্রহ করবেন।
আহসান হাবীব লিংকন জানান, তিনি কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
রাজনৈতিক অঙ্গনে এই পদত্যাগ ও স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণাকে জোট রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
তথ্যসূত্র: যুগান্তর



