
প্রধানমন্ত্রী তারেক রহমান-কে সপরিবারে ইফতার মাহফিলের দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ওই মাহফিলে উপস্থিত থাকার ব্যাপারে প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
বুধবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র প্রদান করেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মিয়া গোলাম পরওয়ার বলেন, মাহে রমজান উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জামায়াতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক দাওয়াত দিতেই তারা এসেছিলেন। তিনি জানান, প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে দাওয়াত গ্রহণ করেছেন এবং উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন।
তিনি আরও বলেন, দলের আমিরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সপরিবারে-তার স্ত্রী ও কন্যাসহ-অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। উভয়ের কাছেই দাওয়াতপত্র দেওয়া হয়েছে এবং তা গ্রহণ করা হয়েছে।
তথ্যসূত্র: যুগান্তর



