রাজনীতি
প্রধান খবর

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দল

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জাতীয় সংসদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, গণভোটের রায় নিয়ে সরকারি দলের কর্মকাণ্ডে তারা বিস্মিত, আহত ও মর্মাহত।

এর আগে বুধবার সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে ওয়াকআউট করেছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল। জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ‘মিসকোড’ করার অভিযোগ তুলে বিকেল ৫টা ৪৫ মিনিটে বিরোধী দলের সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রতিকার চেয়েছিলাম। বিষয়টি কোনো নির্দিষ্ট দলের সঙ্গে সম্পর্কিত নয়। নির্বাচনের আগে সরকারি দল ও বিরোধীদল-সবাই এ বিষয়ে একমত হয়েছিলাম। আমরা এর পক্ষে কথা বলেছি, ক্যাম্পেইন করেছি। কিন্তু আমরা কোনো প্রতিকার পেলাম না। এতে শুধু আমরা নই, দেশবাসীর রায়েরও প্রতিফলন ঘটেনি, মূল্যায়ন হয়নি।’

তিনি আরও বলেন, ‘বিরোধীদলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এজন্য এর প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি।’

এ সময় স্পিকার বলেন, ‘মাননীয় বিরোধীদলীয় নেতা, আপনি আমার বক্তব্য সম্পূর্ণ করতে দিলেন না। আমি আপনার পুরো বক্তব্য শুনেছি। ওয়াকআউট করা আপনাদের অধিকার। তবে আজকে একটু পরে আরেকটি মুলতবি প্রস্তাব বিবেচিত হবে। সেখানে হয়তো আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং আরও বিস্তারিতভাবে বক্তব্য রাখতে পারবেন।’

স্পিকার আরও বলেন, ‘আমার অনুরোধ থাকবে আপনারা প্রস্তাবটি শুনুন। এরপরও যদি ওয়াকআউট করতে চান, সেটি আপনাদের সিদ্ধান্ত।’

সূত্র: বার্তা বাজার

এই বিভাগের অন্য খবর

Back to top button