রাজনীতি
প্রধান খবর

চেয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ

সিজন ও চেয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের মানসিকতাও বদলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর কাওরানবাজারে ‘ভয়েস ফর রিফর্ম’ আয়োজিত ‘আবারও হুমকির মুখে মানবাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, যারা চব্বিশে রাস্তায় নেমেছিল তারা কাউকে এমপি বা উপদেষ্টা বানানোর জন্য আন্দোলনে নামেনি। তারা রাষ্ট্র কাঠামো পরিবর্তনের লক্ষ্যে রাস্তায় নেমেছিল।

তিনি অভিযোগ করে বলেন, সিজন ও চেয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের মেন্টালিটি পরিবর্তন হয়ে গেছে। সরকারকে কাঠামোগত জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। সেখান থেকে সরে গেলে আবারও ‘চব্বিশ’ ঘটবে।

তিনি আরও বলেন, মেজরিটি দিয়ে তা আটকে রাখার সুযোগ নেই। কোনো না কোনোভাবে হয়তো সেই প্রস্তুতি তৈরি হচ্ছে। তবে ‘চব্বিশ’ আবারও হবে।

সংবিধান সংস্কারের ইস্যুতে সংসদে সরকারি দলের কিছু সংসদ সদস্যের বিরোধিতার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকে যারা একসময় ভুক্তভোগী ছিলেন, তারাই এখন এর বিরোধিতা করছেন। এটি অত্যন্ত অসম্মানজনক।

নির্বাচনের পর সাধারণ মানুষের কোনো লাভ হয়নি বলেও মন্তব্য করেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, দিনশেষে আমরা সবাই কোনো না কোনোভাবে সুবিধাভোগী হয়েছি। কিন্তু সাধারণ মানুষের এই নির্বাচনের পরে কোনো লাভ হয়নি।

তিনি বলেন, আমাদের প্রত্যাশা-রাষ্ট্র যেন আমাদের থেকে কিছু পায় এবং জনগণ আর আশাহত না হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button