পালাবার পথ পাবেন না: সরকারকে ফখরুল

সরকারকে পদত্যাগ করে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরের আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নচেৎ পালাবার পথ পাবেন না।
শনিবার (২৬ মার্চ) বিকেল পৌনে চারটার দিকে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতা র্যালির মধ্য দিয়ে সরকার পতনের বাণী পৌঁছে দিতে চাই। সরকারের দিন শেষ, জনগণের কাছে ক্ষমা চেয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্যথায় ফ্যাসিবাদীদের মতো পরিণতি হবে।
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে চাল, ডাল, তেলের দাম বেড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চেলে গেছে, নেই গণতান্ত্রিক অধিকার।
শোভাযাত্রা উপলক্ষে দুপুর ১২টার পর পর বিভিন্ন ওয়ার্ড, থানা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঢোল তবলা বাজিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা নয়াপল্টনে জমায়েত হতে থাকে। র্যালিতে অংশগ্রহণ করা নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেয়।
স্বাধীনতা র্যালির শুরুর আগে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের পরিচালনায় আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণের আহবায়ক আবদুস সালাম, উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক প্রমুখ।
স্বাধীনতা র্যালিটি নয়াপল্টন, বিজয়নগর ,পল্টন মোড়, দৈনিক বাংলা হয়ে আবার নয়াপল্টনে এসে শেষ হয়।


