কে হবেন আওয়ামী লীগের পরবর্তী “সাধারণ সম্পাদক’

করোনার ধকল কাটিয়ে এবার সংগঠন গোছানোয় ব্যস্ত হচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গত দুই বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে উঠতে মরিয়া দলটির নেতারা।
ফলে দেশের বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বে আসছে বড় পরিবর্তন। সাধারণ সম্পাদক পদ নিয়ে রয়েছে নানান আলোচনা। টানা দুবার দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের।
সাধারণ সম্পাদক পদের জন্য আলোচনায় যারা:- প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান। এছাড়াও টানা তিনবারের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বেশ কয়েকবার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা মাহবুবউল আলম হানিফের নামও আসছে জোরালোভাবে। যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ড. হাছান মাহমুদও আছেন সাধারণ সম্পাদক হওয়ার আলোচনায়।
তবে আওয়ামী লীগের রেওয়াজ হচ্ছে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করা হয় কাউন্সিলে। আর এটি হ্যাঁ/না ভোটে পাস হয়। যে কারণে প্রস্তাবনার ওপর নির্ভর করছে, কে হচ্ছেন আগামীর সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়াও বেশ কয়েকটি পদে রদবদলসহ নতুন যুক্ত হবেন ৮-১০ জন।
দলটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘আমরা এখন তৃণমূল, উপজেলা, জেলা সম্মেলন নিয়ে কাজ করছি। আমাদের টার্গেট স্বল্প সময়ের মধ্যে সব পর্যায়ের মেয়াদোত্তীর্ণ সম্মেলন সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন যেহেতু নিয়মিত হয়, নির্ধারিত সময়ে জাতীয় সম্মেলন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, করোনা পরিস্থিতির ওপর অনেক কিছু নির্ভর করছে।
৬৪টি জেলা ও ১২টি সিটি করপোরেশনসহ আওয়ামী লীগের মোট সাংগঠনিক জেলা কমিটি ৭৮টি। এসব জেলার আওতায় ৬২২টি উপজেলা কমিটি, ৫ হাজার ৬৪৩টি ইউনিয়ন কমিটি ও ৪৩ হাজার ৫৯৬টি ওয়ার্ড কমিটি রয়েছে।
সূত্রঃ বিডি২৪লাইভ



