দেলাওয়ার হোসাইন সাঈদী আর নেই

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত সাবেক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন।
তার ছেলে মাসুদ সাঈদী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন। তিনি ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন’ লিখে জানান, দেলাওয়ার হোসাইন সাঈদী সোমবার রাত ৮টা ৪০ মিনিটে মারা যান।
হৃদযন্ত্রজনিত জটিলতা নিয়ে দেলাওয়ার হোসাইন সাঈদী রবিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন।
সোমবার সকালে তার চিকিৎসায় কর্তব্যরত চিকিৎসক জানান, এনজিওগ্রাম করে তার হার্টে নতুন একটি ব্লক পাওয়া গেছে। তবে এই অ্যাটাকের জন্য রিং লাগবে কি-না তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সোমবার রাতে তার মৃত্যুর খবর পাওয়া গেল।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে তাকে (দেলাওয়ার হোসাইন সাঈদী) কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তার বুকে ব্যথা, হার্টে সমস্যা, প্রেশার ও ডায়াবেটিসজনিত কিছু সমস্যা ছিল। সেখানে তার ইসিজিসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিএসএমইউয়ে পাঠানো হয়।



