শহীদ আহসানউল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী আজ

আজ ৭ মে শহীদ আহসানউল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী। বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হিসাবে তিনি ১৯৯৬ ও ২০০১-এর জাতীয় সংসদে গাজীপুর-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের জন্য (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কার ২০২১ এ ভূষিত করা হয়।
গাজীপুর-২ সংসদীয় আসনের হায়দারাবাদ গ্রামে এক মুসলিম পরিবারে ১৯৫০ সালের ৯ নভেম্বর জন্মগ্রহণ করেন আহসানউল্লাহ মাস্টার।
শহীদ আহসানউল্লাহ মাস্টার জাতীয় শ্রমিক লীগের সভাপতি ছিলেন। ২০০৪ সালের এই দিনে বিরোধী দলীয় সংসদ সদস্য থাকা অবস্থায় নিজ বাসা সংলগ্ন (নোয়াগাঁও প্রাইমারি স্কুল মাঠে) স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের এক সভায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। পরে তার সন্তান জাহিদ আহসান রাসেল উপ-নির্বাচনে বাবার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার আইনে তার হত্যা মামলার রায় হয়। ওই মামলায় ছয় জনের মৃত্যুদণ্ড ও দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখে হাইকোর্ট। সাজা কমে সাত জনের। খালাস পান ১১ জন।
দিনটি উপলক্ষে দিন ব্যাপী জেলা, মহানগর ও স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে কবর জিয়ারত, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


