সারাদেশে আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে, এমন অভিযোগ তুলে আগামী (৪ জুন) দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে আ’লীগ।
মঙ্গলবার (৩১ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
তিনি জানান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি, যুবদল ও মহিলা দলের কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে ৪ জুন বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামীকাল বুধবার বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে মহিলা আওয়ামী লীগ। এছাড়াও আগামী বৃহস্পতিবার (২ জুন) যুব মহিলা লীগ ও শুক্রবার (৩ জুন) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।


