
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত-এ আজ রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় পবিত্র শাবান মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিদরা। এর মধ্য দিয়ে রমজানের আগে শেষ চন্দ্র মাস শাবানে প্রবেশ করবেন বিশ্বের মুসলমানরা।
রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শাবান মাস শুরু কবে
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, রোববার রাত ১১টা ৫২ মিনিটে শাবান মাসের চাঁদের জন্ম হবে বলে জানিয়েছেন আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি-এর চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।
এই হিসাবে সোমবার, ১৯ জানুয়ারি হিজরি ১৪৪৭ সালের শাবান মাসের প্রথম দিন হিসেবে গণ্য হতে পারে। ফলে রমজান শুরু হতে আর মাত্র একটি চন্দ্রমাস বাকি থাকবে।
রমজান শুরুর সম্ভাব্য তারিখ
জ্যোতির্বিজ্ঞানের প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালে রমজান শুরুর সবচেয়ে সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে বুধবার, ১৮ ফেব্রুয়ারি।
দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট জানিয়েছে, আগামী বছর রমজান ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে শুরু হতে পারে। তবে এর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে চাঁদ দেখার ভিত্তিতে।
জ্যোতির্বিদদের মতে, রমজান ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
রমজান শেষ হওয়ার সম্ভাবনা
প্রাথমিক হিসাব অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালে রমজান শেষ হতে পারে ১৯ মার্চের দিকে। চন্দ্র মাসের নিয়ম অনুযায়ী রমজান ২৯ অথবা ৩০ দিনের হতে পারে।
শাবান মাসের গুরুত্ব
হিজরি বর্ষপঞ্জির নবম মাস রমজানে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন। এ সময় নামাজ, কোরআন তিলাওয়াত, আত্মশুদ্ধি এবং দান-সদকার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রমজানের প্রস্তুতির জন্য শাবান মাসকে গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হয়।
সূত্র: গালফ নিউজ



