
১৪৪৭ হিজরি সনের রমজান মাসে ফিতরার হার নির্ধারণ করেছে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটি। এ বছর জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন-এর বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মুফতি মাওলানা আবদুল মালেক, খতিব, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। এতে বিশিষ্ট মুফতি ও আলেমরা অংশ নেন।
পণ্যভিত্তিক ফিতরার হার
সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়, ইসলামী শরীয়াহ অনুযায়ী আটা, যব, খেজুর, কিসমিস ও পনির-এই পণ্যগুলোর যে কোনো একটি দ্বারা ফিতরা আদায় করা যাবে।
- গম বা আটা: অর্ধ সা’ (১ কেজি ৬৫০ গ্রাম) বা বাজার মূল্য ১১০ টাকা
- যব: এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা ৫৯৫ টাকা
- খেজুর: এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা ২,৪৭৫ টাকা
- কিসমিস: এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা ২,৬৪০ টাকা
- পনির: এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা ২,৮০৫ টাকা
দেশের সকল বিভাগ থেকে সংগৃহীত এসব পণ্যের বাজারমূল্যের ভিত্তিতে ফিতরার হার নির্ধারণ করা হয়েছে।
মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উল্লিখিত পণ্যগুলোর যেকোনো একটি বা তার বাজারমূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। বিভিন্ন অঞ্চলে বাজারদরের ভিন্নতা থাকায় স্থানীয় খুচরা মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে বলে জানানো হয়েছে।
সূত্র: বিডি প্রতিদিন


