
আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির প্রথম দিনে পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ (কিসওয়া) পরানো হয়েছে। সোমবার (১৫ জুন) আনুষ্ঠানিকভাবে পুরোনো গিলাফ সরিয়ে নতুন গিলাফে আচ্ছাদিত করা হয় আল্লাহর ঘর কাবাকে।
হিজরি নববর্ষ উপলক্ষে সাম্প্রতিক বছরগুলোতে ১ মহরম রাতে কাবার গিলাফ পরিবর্তনের যে প্রথা চালু হয়েছে, তারই ধারাবাহিকতায় এবারও এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সৌদি রাজপরিবারের প্রতিনিধি এবং দুই পবিত্র মসজিদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৌদি আরবের আল জৌদ এলাকায় অবস্থিত কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে অত্যন্ত নিখুঁত কারুকাজে তৈরি করা হয়েছে নতুন কিসওয়া। শতাধিক দক্ষ কারিগরের প্রায় ১১ মাসের পরিশ্রমে প্রস্তুত হয়েছে এই গিলাফ।
ঐতিহ্যবাহী সাতটি ধাপে-পানি বিশুদ্ধকরণ, রেশম ধোয়া, বয়ন, ছাপানো, সূচিকর্ম, সংযোজন এবং চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে গিলাফটি তৈরি করা হয়। পরে বিশেষ ব্যবস্থায় তা মসজিদুল হারামে পৌঁছে দেওয়া হয়।
নতুন গিলাফে ব্যবহৃত হয়েছে ৪৭ টুকরো উচ্চমানের রেশমি কাপড়। এতে পবিত্র কোরআনের ৬৮টি আয়াত সোনালি ও রুপালি সুতা দিয়ে নান্দনিকভাবে খোদাই করা হয়েছে। এ কাজে প্রায় ১২০ কেজি ২৪ ক্যারেট স্বর্ণ এবং ১০০ কেজি রুপা ব্যবহার করা হয়েছে।
পুরো গিলাফটির ওজন প্রায় ১ হাজার ৪১৫ কিলোগ্রাম।
সৌদি আরবের প্রচলিত নিয়ম অনুযায়ী, নতুন গিলাফটি কাবা শরিফের দায়িত্বপ্রাপ্ত খাদেমদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে পুরোনো গিলাফটি ছোট ছোট অংশে কেটে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, বিশিষ্ট ব্যক্তি ও অতিথিদের মধ্যে স্মারক হিসেবে বিতরণ করা হবে।
তথ্যসূত্র: যুগান্তর