
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে দুই শিশুর গলাকাটা এবং মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার খলিশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, দুই সন্তানের গলাকেটে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। তবে পুলিশ বলছে, তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
নিহতরা হলেন, ওই গ্রামের শাহাদত হোসেন কাজলের স্ত্রী সাদিয়া বেগম (২১), তার দুই সন্তান সাইফ (৭ মাস) ও সাইফা (৪)। এ ঘটনায় নিহতের স্বামী শাহাদাতকে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।
সাদিয়া বেগম (২১) ভান্ডার পাইকার গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে। ছয় বছর আগে তার বিয়ে হয় খলিসাকান্দি গ্রামের সেনা সদস্য শাহাদাত হোসেন কাজলের সঙ্গে।
নিহতের স্বজনরা জানান, পারিবারিক নানা বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। সেনা সদস্য শাহাদত হোসেন শুক্রবার ছুটিতে বাড়ি আসেন। গতকাল সোমবার স্ত্রী-সন্তানদের নিয়ে কাজল তার শ্বশুর বাড়ি বেড়াতে যান। সেখান থেকে এসে গতকাল রাতে বাড়িতে এসে তাদের মধ্যে ঝগড়া হয়।
এর পর পাশের ঘরে ঘুমিয়ে পড়েন কাজল। সকালে ঘুম থেকে উঠে অন্য ঘরে গিয়ে দেখে দুই সন্তানের গলাকাটা মরদেহ পড়ে আছে। পাশেই স্ত্রীর মরদেহ ঝুলছে। পরে আশেপাশের লোকজন জানতে পেরে পুলিশে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত পুুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হুসাইন মোহাম্মদ রায়হান বলেন, আমরা ঘরের মধ্যে তিনটি লাশ পেয়েছি। এর মধ্যে দুই শিশুর গলাকাটা এবং মায়ের গলায় ওরনা পেচানো। এদের প্রত্যেকের লাশ খাটের উপর ছিলো। তাদের মৃত্যু নিয়ে আমরা এখনও পরিষ্কার না। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমরা জানতে পেরেছি, নিহতের স্বামী শাহাদাত তিনি ঘরের ভেতরের তাদের লাশ দেখার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে আমরা আমাদের হেফাজতে রেখেছি। এ ঘটনার মূল রহস্য উদঘাটনে আমাদের তদন্ত চলছে।



