শিবগঞ্জের ময়দানহাটায় চেয়ারম্যান পদে পিতা-পুত্র

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পিতা ও পুত্র প্রতিদ্বন্দ্বীতার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রতিদ্বন্দ্বী পিতা রমজান আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ময়দানহাটা ইউনিয়ন কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং আর তার ছেলে মাহবুব মোর্শেদ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের শিবগঞ্জ উপজেলা কমিটির সমাজ কল্যাণ সম্পাদক।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১১ নভেম্বর ময়দানহাটা ইউনিয়ন পরিষদে নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান এস এম রূপমসহ মোট ৮জন তাদের প্রার্থীতা দাখিল করেছেন। চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী থাকার পরেও আওয়ামী লীগের পদ-পদবীধারী, সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় এবং বহিস্কৃতসহ আরও ৫জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে একজন কারাগরে থেকেও মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- ময়দানহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেজবাউল আলম, যুব মহিলা লীগ শিবগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাক শাহানা খাতুন, আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত আব্দুস সামাদ, যুবলীগ নেতা মাহবুব মোর্শেদ এবং যুবলীগ থেকে বহিস্কৃত কারারুদ্ধ আবু জাফর। আগামী ২৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং পরদিন প্রতীক বরাদ্দ দেওয়ার কথা রয়েছে।
ময়দানহাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করা ৮জনের মধ্যে বর্তমানে পিতা বিএনপির সাবেক নেতা রমজান আলী এবং তার ছেলে যুবলীগ নেতা মাহবুব মোর্শেদকে নিয়েই ভোটের ময়দানে ব্যাপক আলোচনা চলছে। যদিও এলাকায় গুঞ্জন রয়েছে পিতার মনোনয়নপত্র বৈধ হলে ছেলে তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিবেন। অবশ্য এক প্রশ্নের জবাবে যুবলীগ নেতা মাহবুব মোর্শে জানিয়েছেন যে, তার বাবা রমজান আলী ইতিপূর্বে ময়দানহাটা ইউনিয়ন পরিষদে একাধিকবার চেয়ারম্যান ছিলেন। কোন ত্রæটির কারণে মনোনয়নপত্র বাতিল হয়ে যেতে পারে- এই আশঙ্কায় তারা আগের প্রতিটি নির্বাচনে প্রার্থীতা দাখিলের সময় তার পিতার সঙ্গে কখনও তার মা অথবা ছেলে হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সেই একই কারণে অর্থাৎ কোন একটি কারণে যদি মনোনয়নপত্র বাতিল হয়ে যায় তাহলে পরিবারের একজন যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেই চিন্তাভাবনা থেকে এবারও পিতা সাবেক বিএনপি নেতা রমজান আলীর সঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা জানিয়েছেন যুবলীগ নেতা মাহবুব মোর্শেদ। সর্বশেষ ২০১৬ সালে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করা মাহবুব মোর্শেদ বলেন, ‘আশাকরি আমার বাবার মনোনয়নপত্র বৈধ হবে এবং আমরা চাই চেয়ারম্যান পদে তিনিই নির্বাচন করুন। তবে যদি কোন ত্রুটির কারণে যদি তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে যায় তাহলে আমি নির্বাচন করবো।’ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করলে দলীয় শাস্তি ভোগ করতে হতে পারে এমনটা বলার তিনি এই প্রতিবেদককে বলেন, ‘বহিস্কার করে করুক।’