বগুড়ায় ট্রাক শ্রমিক নেতা হত্যা: গ্রেফতার ২

বগুড়ার শিবগঞ্জ কিচক ট্রাক শ্রমিক নেতা শহিদুল হত্যা মামলার দুইজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি রক্তমাখা ছুরিসহ মোট তিনটি ছুরি উদ্ধার করে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কিচক বন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শিবগঞ্জের ধোপাকুর এলাকার মৃত দুদু মিয়ার ছেলে তারিকুল(৩৪) এবং বেলাই কেকাড়পাড়া এলাকার মৃত আছব আলীর ছেলে আমিরুল(৪০)।
এর আগে ২৪ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন আন্তঃজেলা ট্রাক সমবায় সমিতি কিচক বন্দর শাখার সেক্রেটারি শহিদুল ইসলাম।
সংগঠনের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটে বলে তখন জানান শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস।
ঘটনার পরে নিহত শহিদুলের ভাই আনিছুর
রহমান বাদি হয়ে আবু সাঈদসহ ১১জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার ৯নং আসামি তারিকুল এবং ১১ নং আসামি আমরুলকে গ্রেফতার করে পুলিশ।
মামলার এসআই ইমরান হোসেন জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এসএ