আজ বিশ্ব মান দিবস

প্রতীকী ছবি
আজ ১৪ অক্টোবর, মঙ্গলবার বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ৫৬তম বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার গুণগত মান নিশ্চিতকরণ এবং তা ধরে রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে সরকার, উদ্যোক্তা ও ভোক্তাদের মধ্যে সচেতনতা তৈরি করতেই প্রতি বছর এ দিবস উদযাপিত হয়।
বাংলাদেশে দিবসটির মূল আয়োজনের দায়িত্বে রয়েছে জাতীয় মান নির্ধারণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এবারের উপলক্ষে বিএসটিআই সারা দেশে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। প্রধান কার্যালয় ছাড়াও বিভাগীয় ও জেলা পর্যায়ে আলোচনা সভা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তথ্যপ্রযুক্তি নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি-এর সহযোগিতায় মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে মান সম্পর্কিত বার্তা পাঠানো হচ্ছে এসএমএস-এর মাধ্যমে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতেও সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড স্থাপন করা হয়েছে।
বিশ্ব মান দিবস উপলক্ষে আজ সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করেছে বিএসটিআই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।
বিশেষ বক্তা হিসেবে অংশ নেবেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর এবং কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ. এইচ. এম. সফিকুজ্জামান।
মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখবেন বিএসটিআই-এর মহাপরিচালক (গ্রেড-১) এস. এম. ফেরদৌস আলম।
বিশ্ব মান দিবসের মূল উদ্দেশ্য হলো—মানসম্পন্ন পণ্য ও সেবা নিশ্চিত করা, উৎপাদন প্রক্রিয়ায় মান নিয়ন্ত্রণে সচেতনতা তৈরি করা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় অংশগ্রহণ বাড়ানো। এ লক্ষ্য সামনে রেখে বিশ্বব্যাপী প্রতি বছর দিবসটি উদযাপিত হয়ে আসছে।

