দিবস
প্রধান খবর

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, দেশে ১০ জনের ৭ জনই আক্রান্ত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালিত বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ (বিডিএইচএস) ২০২২ অনুযায়ী, ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্ক নারীদের ৬৭ শতাংশ এবং পুরুষদের ৭২ শতাংশই জানতেন না যে তাঁদের রক্তে গ্লুকোজের মাত্রা বেশি।

২০১৭-১৮ সালে এই হার ছিল যথাক্রমে ৫৯ ও ৬১ শতাংশ।

সরকারি ও বেসরকারি বিভিন্ন তথ্য-উপাত্তে দেখা যায়, বছরের পর বছর ধরে দেশে দ্রুত বাড়ছে ডায়াবেটিসের প্রকোপ। এরপরও এ রোগ সম্পর্কে মানুষের অসচেতনতা কাটছে না। ফলে বাড়ছে রোগের বোঝা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ শনিবার পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। দ্রুত রোগ শনাক্তকরণ, সমন্বিত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং ডায়াবেটিস নিয়ে সামাজিক কুসংস্কার কমানোর গুরুত্ব তুলে ধরা হয়েছে এবারের প্রতিপাদ্যে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ। অগ্ন্যাশয় পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে না পারলে অথবা শরীর উৎপাদিত ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে না পারলে এ রোগ হয়।

বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সঠিক সংখ্যা এখনো অজানা। তবে বিভিন্ন পরিসংখ্যানে দেশে এ রোগের ব্যাপক বিস্তারের চিত্র উঠে এসেছে।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ডায়াবেটিস অ্যাটলাস-২০২৫ অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ১ কোটি ৩৯ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।

বিডিএইচএস-২০২২ অনুযায়ী, ১৮ বছর বা তার বেশি বয়সী নারীদের ১৭ শতাংশ এবং পুরুষদের ১৫ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত। জরিপে ৩০ হাজার ১৮টি পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ২০১৭-১৮ সালে পরিচালিত একই জরিপে এই হার ছিল যথাক্রমে ১০ ও ১১ শতাংশ।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির তথ্যেও আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধির চিত্র উঠে এসেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, নিবন্ধিত ডায়াবেটিস রোগীর সংখ্যা ২০১৪-১৫ অর্থবছরে ৩০ লাখ ৬১ হাজার থেকে বেড়ে ২০২৪-২৫ অর্থবছরে ৬৯ লাখ ৩৭ হাজারে দাঁড়িয়েছে। অর্থাৎ এক দশকে এ সংখ্যা বেড়েছে ১২৭ শতাংশ।

সংস্থাটির তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে নতুন করে ৩ লাখ ৮৩ হাজার রোগী নিবন্ধিত হয়েছেন।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শারমিন জাহান দ্য ডেইলি স্টারকে বলেন, দেশে ডায়াবেটিসের প্রকোপ বৃদ্ধির পেছনে মূলত জীবনযাপনের ধরন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নগরায়ণ ও বংশগত প্রবণতা দায়ী।

দক্ষিণ এশীয়দের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি বিশেষভাবে বেশি বলে জানান তিনি। তাঁর মতে, যেসব পরিবারের সদস্যদের এ রোগের ইতিহাস রয়েছে, তাঁদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি-বিশেষ করে তাঁরা স্বাস্থ্যকর জীবনযাপন না করলে।

‘আধুনিক জীবনযাপন ক্রমেই শারীরিক পরিশ্রমবিমুখ হয়ে উঠছে। মানুষ খুব কম শারীরিক পরিশ্রম করেন, অথচ উচ্চ ক্যালরিযুক্ত খাবার খান, যা পুরোপুরি হজম হয় না। ফলে স্থূলতার সমস্যা তৈরি হয়, যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়,’ বলেন তিনি।

নগরায়ণ পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে জানান অধ্যাপক শারমিন। তাঁর মতে, মোটরচালিত যানবাহনের ব্যবহার বৃদ্ধি এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি ও শ্রমসাশ্রয়ী প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়ায় মানুষের শারীরিক পরিশ্রমের সুযোগ কমে যাচ্ছে।

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অপর্যাপ্ত ব্যায়ামের কারণে কম বয়সে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যাও বাড়ছে। একই সঙ্গে বাড়ছে প্রি-ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা।

তবে বসবাসের স্থান, বয়স ও আর্থসামাজিক অবস্থা ভেদে ডায়াবেটিসের প্রকোপে পার্থক্য রয়েছে বলে তথ্য-উপাত্তে দেখা যায়।

বিডিএইচএস-২০২২ অনুযায়ী, শহরের নারীদের মধ্যে ডায়াবেটিসের প্রকোপ ২৪ শতাংশ, যেখানে গ্রামাঞ্চলের নারীদের মধ্যে এ হার ১৪ শতাংশ। পুরুষদের ক্ষেত্রে শহরাঞ্চলে এ হার ২১ শতাংশ এবং গ্রামাঞ্চলে ১৩ শতাংশ।

সম্পদের ভিত্তিতেও এ পার্থক্য স্পষ্ট। সর্বোচ্চ সম্পদশালী শ্রেণির নারীদের মধ্যে ডায়াবেটিসের প্রকোপ ২৬ শতাংশ, যেখানে সর্বনিম্ন সম্পদশালী শ্রেণির নারীদের মধ্যে এ হার ১১ শতাংশ। পুরুষদের ক্ষেত্রে সর্বোচ্চ সম্পদশালী শ্রেণিতে এ হার ২৫ শতাংশ এবং সর্বনিম্ন সম্পদশালী শ্রেণিতে ১০ শতাংশ।

অধ্যাপক শারমিন বলেন, শহরাঞ্চলের মানুষ তুলনামূলকভাবে কম শারীরিক পরিশ্রম করেন, উচ্চ ক্যালরিযুক্ত খাবার খান এবং ইলেকট্রনিক যন্ত্রপাতির ওপর বেশি নির্ভরশীল। তাঁদের মানসিক চাপও বেশি। অন্যদিকে, গ্রামাঞ্চলের মানুষ ঐতিহ্যগতভাবে বেশি শারীরিক পরিশ্রম করেন, বেশি হাঁটেন, স্থানীয়ভাবে উৎপাদিত শাকসবজি খান এবং তাঁদের দৈনন্দিন জীবনযাপন তুলনামূলকভাবে বেশি সক্রিয়।

তবে শহুরে জীবনযাপন ক্রমেই গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ায় গ্রাম ও শহরের মানুষের মধ্যে এ ব্যবধান কমে আসছে বলে সতর্ক করেন তিনি।

শারমিন বলেন, ‘গ্রামাঞ্চলের মানুষও মোবাইল ফোন, শ্রমসাশ্রয়ী প্রযুক্তি ও মোটরচালিত যানবাহনের ওপর ক্রমেই বেশি নির্ভরশীল হয়ে পড়ছেন। এতে হাঁটার অভ্যাস কমছে এবং ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে।’

ডায়াবেটিসে আক্রান্ত প্রায় ৭০ শতাংশ মানুষ নিজেদের রোগ সম্পর্কে জানেন না। আবার যাঁরা জানেন, তাঁদের অনেকেই নিয়মিত ওষুধ সেবন করেন না।

বিডিএইচএস-২০২২ অনুযায়ী, মাত্র ৬ শতাংশ নারী রোগী ও ৫ শতাংশ পুরুষ রোগী জানিয়েছেন, তাঁরা নিজেদের রোগ সম্পর্কে জানেন, ওষুধ সেবন করেন এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন।

জরিপে আরও দেখা যায়, নারী ও পুরুষ—উভয় শ্রেণির আরও ৯ শতাংশ মানুষের রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকলেও তাঁরা কোনো ওষুধ সেবন করছিলেন না।

এ বিষয়ে অধ্যাপক শারমিন বলেন, ডায়াবেটিস সম্পর্কে অসচেতনতা দূর করে দ্রুত রোগ শনাক্ত করা অত্যন্ত জরুরি। কারণ, জীবনযাপনে পরিবর্তন আনার মাধ্যমে ডায়াবেটিসের সূত্রপাত ও এর জটিলতা প্রতিরোধ করা বা বিলম্বিত করা সম্ভব।

‘যেসব পরিবারের সদস্যদের ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাঁরা যদি অল্প বয়স থেকেই সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণের মতো স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলেন, তাহলে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারবেন।’

বিভিন্ন গবেষণার কথা উল্লেখ করে এই চিকিৎসক বলেন, শুধু জীবনযাপনে পরিবর্তন এনেই ঝুঁকিতে থাকা মানুষের মধ্যে প্রায় ৫৮ থেকে ৬০ শতাংশ ক্ষেত্রে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব।

‘তবে অনেক রোগী ডায়াবেটিস শনাক্ত হওয়ার পরও বিষয়টিকে গুরুত্ব দেন না। জটিলতা গুরুতর না হওয়া পর্যন্ত তাঁরা প্রায়ই চিকিৎসায় অবহেলা করেন,’ বলেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসংক্রামক রোগ (এনসিডি) কর্নার রয়েছে। সেখানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ওষুধ দেওয়া হয়।

‘ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়তে থাকায় আমরা এনসিডি কর্নারগুলো আরও শক্তিশালী করার পরিকল্পনা করছি।’

এনসিডি কর্নারগুলোতে ডায়াবেটিসের ওষুধের ঘাটতির খবর সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কর্নারগুলোতে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হাসপাতালগুলোকে নিজস্ব তহবিল ব্যবহারের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, রোগীর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতেও সরকার পদক্ষেপ নেবে বলে জানান তিনি।

তথ্যসূত্র: দি ডেইলি স্টার

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button