দিবস
প্রধান খবর

আজ জেল হত্যা দিবস

আজ ৩ নভেম্বর, জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা।

তাঁরা হলেন- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান। বিশ্লেষকদের মতে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ধারাবাহিকতায় সংঘটিত হয় জাতীয় চার নেতার এই হত্যাকাণ্ড।

১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কয়েক দিনের মধ্যে তাঁর রাজনৈতিক সহচর জাতীয় চার নেতাকে গ্রেপ্তার করা হয়। পরে ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় তাঁদের হত্যা করা হয়। প্রথমে গুলি করে এবং পরে বেয়নেট দিয়ে খুঁচিয়ে তাঁদের হত্যা করা হয়েছিল।

১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এই চার নেতা। মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী এবং খাদ্য ও ত্রাণমন্ত্রী এ এইচ এম কামারুজ্জামান।

ইতিহাসের এই নির্মম হত্যাকাণ্ডের দিনটি প্রতিবছর জেল হত্যা দিবস হিসেবে পালন করা হয়। ঘটনার পরদিনই এ ঘটনায় মামলা হলেও পরবর্তী সময়ে মামলাটি পুনরুজ্জীবিত করে ১৯৯৬ সালে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০০৪ সালে জেল হত্যা মামলার রায়ে তিনজনকে মৃত্যুদণ্ড এবং ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button