খেলাধুলাফুটবল

মেসি জাদুতে জয় দিয়ে বছর শেষ আর্জেন্টিনার

অ্যাঙ্গোলার মাঠে বড় জয় প্রত্যাশিত ছিল আর্জেন্টিনার। সেই প্রত্যাশা পূরণ করেই লিওনেল স্ক্যালোনির দল ২-০ গোলের জয়ে বছর শেষ করল। তবে জয়টা যতটা সহজ মনে হচ্ছে, মাঠে ততটা সহজ ছিল না। মেসি, লাউতারো মার্টিনেজ, রদ্রিগো ডি পল—তারকায় ভরা দল নিয়েও স্বাগতিকদের শক্ত রক্ষণভাগ ভাঙতে বেশ কষ্ট করতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের।

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর উদ্‌যাপনে লুয়ান্ডার এস্তাদিও ১১ দে নভেমব্রে স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ, একই সঙ্গে বিশ্বকাপের আগে শেষ বড় পরীক্ষা—দুটি বিষয়ই ম্যাচটিকে আলাদা গুরুত্ব দেয়।

শুরুর ১২ মিনিটেই বিপদে পড়তে বসে আর্জেন্টিনা। কর্নার থেকে নেওয়া শট ক্লিয়ার করতে ব্যর্থ হলে বাঞ্জারের ব্যাকপোস্টে নেওয়া শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন রুলি। এরপর ২১ মিনিটে লাউতারোর থ্রু বলে সুযোগ পান মেসি, কিন্তু তার শট ফিরিয়ে দেন মারকেস। ৩৯ মিনিটে গঞ্জালেসের পাস ধরে বক্সে ঢুকে নেওয়া মেসির শট ক্রসবারের ওপর দিয়ে যায়।

প্রথম গোল আসে ৪৩ মিনিটে। মেসির নিখুঁত পাস থেকে নিচু শটে জাল খুঁজে পান লাউতারো। বিরতির পর আর্জেন্টিনা তেমন সুযোগ তৈরি করতে না পারলেও ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে সক্ষম হয়। প্রতিপক্ষ রক্ষণের চাপের মাঝেও লাউতারোর সঙ্গে দারুণ সমন্বয়ের ফল হিসেবে সহজেই গোল করেন মেসি।

অক্টোবরে যুক্তরাষ্ট্র সফরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল আর্জেন্টিনা—ভেনেজুয়েলাকে ১-০ এবং পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে হারায় তারা। তবে নভেম্বরের একমাত্র ম্যাচটিতে স্ক্যালোনি গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়কে ছাড়াই দল সাজান। বিশেষ করে নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ডাকা হয়নি এই ম্যাচে।

এদিকে ম্যাচের আগে স্পেনে সপ্তাহজুড়ে প্রস্তুতি নেয় আর্জেন্টিনা। এলচের মানুয়েল মার্টিনেস ভালেরো স্টেডিয়ামে বৃহস্পতিবার ওপেন ট্রেনিংয়ে ২০ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন। বিপরীতে অ্যাঙ্গোলা ইতোমধ্যে বিশ্বকাপ বাছাই থেকে বাদ পড়েছে। অতিরিক্ত কোটা থাকলেও তারা এএফসির বাছাইয়ে সুযোগ কাজে লাগাতে পারেনি। ডি গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে অ্যাঙ্গোলা, যেখানে শীর্ষে ছিল কেপ ভার্দে (২৩) ও দ্বিতীয় স্থানে ক্যামেরুন (১৯)।

এই বিভাগের অন্য খবর

Back to top button