
রেকর্ড গড়া জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ। চট্টগ্রামে আয়ারল্যান্ডের দেওয়া ১৭১ রানের লক্ষ্য ২ বল হাতে রেখে ৪ উইকেটে পেরিয়ে যায় লিটন দাসের দল। শেষ মুহূর্তে বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন শেখ মেহেদি হাসান, যিনি ৩ বলে ৬ রান করেন।
চাপের সময়ে ম্যাচ ঘুরিয়ে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি ৭ বলে দুই চার ও এক ছক্কায় ১৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার এই ধাক্কাতেই শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ ফেরে বাংলাদেশের হাতে। দেশের মাটিতে এটি টি-টোয়েন্টিতে সর্বোচ্চ লক্ষ্য তাড়া করে জয়ের নতুন রেকর্ড—আগের রেকর্ড ছিল ১৬৬।
জয়ের পথে সামনে থেকে নেতৃত্ব দেন লিটন দাস। ৩৭ বলে তিন চার ও তিন ছক্কায় ৫৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। ওপেনার পারভেজ হোসেন ইমন করেন ২৮ বলে ৪৩ রান, যার মধ্যে ছিল পাঁচ চার ও দুটি ছক্কা। তানজিদ হাসান তামিম ২৬ রানে রান আউট হয়ে ফেরার পর লিটন–ইমন জুটি গড়ে ৪৩ বলে ৬০ রান যোগ করেন।
এর আগে টস জিতে ব্যাট করে ৬ উইকেটে ১৭০ রান তোলে আয়ারল্যান্ড। পাওয়ার প্লেতে তারা তুলে ফেলে ৭৫ রান। লরকান টাকার সর্বোচ্চ ৪১, টিম ট্যাক্টর ৩৮ এবং পল স্টার্লিং ২৯ রান করেন। বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার শেখ মেহেদি—৪ ওভারে ২৫ রানে নেন ৩ উইকেট। এক উইকেট করে পান সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব।



